নাসার সম্পদ পানির দামে বিক্রির চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
সাম্প্রতিক সময়ে নাসা গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ ভূমি ও সম্পদ বিক্রি নিয়ে গুরুতর প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির কিছু কর্মকর্তা ও বাইরের লোকজন অসৎ উদ্দেশ্যে এই ভূমি বিক্রির উদ্যোগের সাথে যুক্ত।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের উদ্বেগ, এই জমিগুলো বর্তমান বাজারমূল্যের অর্ধেক দামে বিক্রির পরিকল্পনা করা হচ্ছে। এতে করে জমির প্রকৃত মূল্য আড়াল করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অতিরিক্ত অর্থ আত্মসাতের সুযোগ পেতে পারে। এমন অনৈতিক প্রক্রিয়া বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট ঋণদাতা ব্যাংক জমির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে এবং নাসা গ্রুপের ঋণ পরিশোধ সক্ষমতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে নাসা গ্রুপের কর্মকর্তারা বলেন, ‘এরকম কিছু হলে তার পরিণতি ভয়াবহ হবে। একদিকে ব্যাংক যেমন তার ঋণ সুরক্ষার বাস্তব ভিত্তি হারাবে, অন্যদিকে প্রতিষ্ঠানটি ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আরও গভীর সংকটে নিমজ্জিত হবে। ফলে, শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে ঋণদাতা ও ঋণগ্রহীতা উভয় পক্ষই— যার প্রভাব পড়বে সামগ্রিক আর্থিক খাত ও বিনিয়োগ পরিবেশের ওপর।’
তারা আরও অভিযোগ করে বলেন, ‘দুর্নীতি দমন কমিশন এসব সম্পদ বিক্রির বিপক্ষে থাকলেও একটি স্বার্থান্বেষী মহল আদালতকে ব্যবহার করে এসব করার অপচেষ্টা করছে।’
নাসা গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো স্বার্থান্বেষী বা সুবিধাভোগী গোষ্ঠীর হাতে গুরুত্বপূর্ণ এসব সম্পদ বিক্রির দায়িত্ব না দিয়ে সংশ্লিষ্ট ব্যাংক আইনসম্মত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় সম্পদের মূল্যায়ন ও বিক্রয় প্রক্রিয়া পরিচালনা করলে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নিশ্চিত করা সম্ভব হবে এবং জনস্বার্থ ও আর্থিক স্থিতিশীলতা রক্ষা পাবে।