Log In

হোটেল রয়েল ইন নিয়ে সংবাদ প্রকাশের পর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মালিক

হোটেল রয়েল ইন নিয়ে সংবাদ প্রকাশের পর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মালিক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচায় সিটি ভিউ টাওয়ার ও ভবনটিতে অবস্থিত হোটেল রয়েল ইন নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভবন ও হোটেলের মালিক ইমদাদুল হক। একই সঙ্গে সংবাদ প্রকাশের পর নিজের ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক স্বার্থ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

গত ১৮ অক্টোবর ‘সেগুন বাগিচায় হোটেল রয়েল ইন-এ অসামাজিক কার্যকলাপ’ শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়ে ইমদাদুল হক বলেন, সেগুনবাগিচার ২৪/বি, তোপখানা রোডে অবস্থিত সিটি ভিউ টাওয়ার নিয়মমাফিক পরিচালিত হচ্ছে। ভবনটিতে পরিচালিত হোটেল রয়েল ইনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মনীতি অনুসরণ করে ব্যবসায়িক কার্যক্রম চালাচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, হোটেলটি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।

প্রতিবাদলিপিতে ইমদাদুল হক অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ভবনের মালিকপক্ষ ও হোটেলের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের বিভ্রান্ত করে থাকতে পারে।

সংবাদ প্রকাশের পর সম্ভাব্য হয়রানি, হুমকি ও ব্যবসায়িক ক্ষতির আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। তাঁর আশঙ্কা, তাঁকে লক্ষ্য করে কোনো গোপন বৈঠক বা পরিকল্পনা করা হতে পারে, যার উদ্দেশ্য ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ন করা। তবে এ ধরনের কোনো বৈঠক বা পরিকল্পনার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য কিংবা প্রমাণ তিনি প্রকাশ করেননি।

এ পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি নিরূপণ, প্রয়োজনীয় তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন হোটেলটির মালিক। তাঁর বক্তব্য, আগাম সতর্কতা ও প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করা গেলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং তাঁর নিরাপত্তা ও ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।

বংলার জামিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *