পোশাক খাতের উৎপাদন কমেছে ৩০ শতাংশ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অভাবে দেশের পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমেছে। এতে বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করছেন এবং ক্ষতির মুখে পড়ছে এ খাত। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদে সাধারণ আলোচনার দাবি জানিয়েছেন বিরোধী দলের এক সংসদ সদস্য।
জাতীয় সংসদ সচিবালয়ে পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এ বিষয়ে আলোচনার নোটিশ দেন।
নোটিশে বলা হয়, তৈরি পোশাক (আরএমজি) খাত বাংলাদেশের জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। এতে সরাসরি কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিক। এ ছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষ এ শিল্পের ওপর নির্ভরশীল।