রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ
রাজধানীর ফার্মগেট, আদাবর, মিরপুর ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি বাসেও আগুন দেওয়া হয়।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ৬টা ৪০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ দুই ঘটনায় কেউ হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।
রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অপরদিকে হাতিরঝিল থানার মগবাজার এলাকায় চেকপোস্টে ককটেল মারার সময় চারজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।