এবার রুশ হামলায় কেঁপে উঠল জেলেনস্কির নিজ শহর
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহরে রাশিয়া হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন দুজন। আহত হয়েছেন আরও ৬০ জন।
গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে এ হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের মধ্যে সাত বছর বয়সী এক শিশু ও ২০ বছর বয়সী এক নারী রয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যেও ছয় শিশু রয়েছে।
শহর প্রশাসনের প্রধান ওলেক্সান্দর ভিলকুল জানিয়েছেন, হামলায় প্রায় ২৫টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে, ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতাল, কয়েকটি স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান।
ভিলকুল আরও বলেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর রুশ বাহিনী আবার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে উদ্ধারকর্মী, চিকিৎসাকর্মী ও জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরাও হামলার শিকার হন।